এস এম সাইমুজ্জামান তুহিন,ধনবাড়ী (প্রতিনিধি)
পরিচ্ছন্নতা কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, ইভটিজিং প্রতিরোধ ও অপরাধ দমনে নানা উদ্যোগ গ্রহণ করে আলোচনায় এসেছেন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিস নূরজাহান আক্তার সাথী। তিনি ১৪ ডিসেম্বর ২০২৫ সালে ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই উপজেলার সার্বিক উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সরকারি সেবার মান বাড়াতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন। প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা আনতে প্রতি সপ্তাহে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে সমন্বয় সভা করছেন ইউএনও। এসব সভায় দপ্তরগুলোর চলমান কার্যক্রম, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও জনসেবার মান পর্যালোচনার পাশাপাশি কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। শিক্ষার মানোন্নয়নেও বিশেষ গুরুত্ব দিচ্ছে উপজেলা প্রশাসন। উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শন করে শিক্ষার্থীদের উপস্থিতি, শ্রেণিকক্ষে পাঠদান ও শিক্ষার পরিবেশ পর্যবেক্ষণ করছেন তিনি। পাশাপাশি ইভটিজিং প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সচেতনতামূলক ব্যানার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে, মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে উপজেলা প্রশাসন। কিশোর অপরাধ, সন্ধ্যার পর কিশোরদের অযথা ঘোরাফেরা এবং মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ড প্রতিরোধে বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা কমিটির নিয়মিত সভায় উপজেলার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। পরিচ্ছন্নতা কার্যক্রম, জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন এবং বিভিন্ন সরকারি কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নেও সক্রিয় ভূমিকা রাখছে উপজেলা প্রশাসন। নিয়মিত সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের মাধ্যমে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করছেন ইউএনও। স্থানীয় সচেতন মহলের মতে, একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব শুধু দাপ্তরিক কাজের মধ্যে সীমাবদ্ধ নয়; শিক্ষা, জননিরাপত্তা, সামাজিক সচেতনতা, পরিচ্ছন্নতা ও অপরাধ প্রতিরোধেও কার্যকর ভূমিকা রাখা জরুরি। ধনবাড়ীতে এসব ক্ষেত্রে ইউএনও নূরজাহান আক্তার সাথীর উদ্যোগ ও নিয়মিত তদারকি ইতোমধ্যে আলোচনায় এসেছে। স্থানীয়দের প্রত্যাশা, মাদক নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ প্রতিরোধ, শিক্ষার মানোন্নয়ন, পরিচ্ছন্নতা এবং সরকারি সেবার মান বৃদ্ধিতে উপজেলা প্রশাসনের এসব উদ্যোগ অব্যাহত থাকবে। প্রশাসন ও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় ধনবাড়ী একটি পরিচ্ছন্ন, নিরাপদ, সুশৃঙ্খল, মাদকমুক্ত ও শিক্ষাবান্ধব উপজেলা হিসেবে গড়ে উঠবে—এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।
সম্পাদক ও প্রকাশক: মো: নাজমুল হক
অফিস : শহীদ স্মৃতি রোড, মধুপুর, টাংগাইল।
মোবাইল : ০১৫৫২৬৬৪১৪৫
ইমেইল : nazmul.srizon24@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৬ মধুপুর ২৪ নিউজ